লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ার বীর মুক্তিযোদ্ধা, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক অজয় কান্তি মজুমদার বাধ্যক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি একটি কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি স্থানীয় অসংখ্য সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সোমবার দুপুরে লোহাগড়ার রথখোলা চত্বরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদান করা হয়। উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী ব্যানার্জীর নেতৃত্বে এই সালাম প্রদান করা হয়। পরে বিকেলে ৪টায় জয়পুরস্থ পরশমনি মহাশ্মশানে শেষকৃত্যানুষ্ঠান হয়। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, পৌর মেয়র মো. আশরাফুল আলমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।





