লোকসমাজ ডেস্ক॥ সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তাসনিম আক্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর’স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। অনার্স চতুর্থ বর্ষ-২০১৭ এর চূড়ান্ত পরীক্ষায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দেশের মধ্যে প্রথম হওয়ায় তিনি এই সম্মাননা পাচ্ছেন। আগামী বুধবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদের সভাপতিত্বে এবং শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি, উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, মাউশি’র মহাপরিচালক মো. গোলাম ফারুকের উপস্থিতিতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে তাসনিম আক্তারকে এই সম্মাননা প্রদান করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তাসনিম আক্তারের এই অভূতপূর্ব সাফল্যে তাকে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, কর্মচারীবৃন্দ, কলেজের শিক্ষার্থীরা এবং সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সদস্যরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, তাসনিম আক্তার বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তা ডা. আব্দুর রকিব বিশ্বাস ও জাহানারা বেগম দম্পতির মেয়ে এবং সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুল জলিলের নাতি। তাসনিম তার সাফল্যের জন্য তার পিতা-মাতা ও শিক্ষকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।





