স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপা পাইলট বালিকা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের তালা ভেঙে ৯টি ল্যাপটপ চুরি করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি শনিবার বিকাল ৪টা থেকে সন্ধার মধ্যে ঘটেছে বলে জানা যায়। এ ঘটনায় রোববার দুপুরে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ও ওসি জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার চুরির ঘটনা ঘটলেও গতকাল রোববার দুুপুর পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমান জানান, তার স্কুলে দুইটি কম্পিউটিরার ল্যাব রয়েছে। শনিবার কে বা কারা একটি ল্যাবের তালা ভেঙে ৯টি ল্যাপটপ নিয়ে যায়। হয়তো ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা দায়িত্বরত প্রহরীর মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সুযোগে এ চুরির ঘটনা ঘটাতে পারে বলে তার সন্দেহ। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দেবেন বলে জানান। স্কুলের ল্যাপটপ চুরির ঘটনা নিয়ে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, তিনি রবিবার দুপুরে বালিকা বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। এ ঘটনা নিয়ে তারা তদন্ত শুরু করেছেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান আলামত সংগ্রহ করা হয়েছে। তবে স্কুলের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ তিনি পাননি বলে জানান।





