শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সুন্দরবনের তালপট্টি সংলগ্ন হাড়িভাঙ্গা অভয়ারণ্য খালে অবৈধভাবে মাছ ধরার সময় ১৬ জেলেকে আটক করেছেন স্মার্ট পেট্টল টিমের সদস্যরা। রবিবার ভোরে অভিযানে নেতৃত্ব দেন স্মার্ট পেট্টল টিমের প্রধান বন স্টেশন কর্মকর্তা (এসও) নাসির উদ্দীন। এ সময় জেলেদের ব্যবহৃত ৪টি নৌকা, ২৫টি ড্রাম, ২৫টি জাল, ৪টি কুড়াল ও ২টি দাসহ বিভিন্ন প্রজাতির এক শ কেজি মাছ জব্দ করা হয়। আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের গোলাম মোস্তফা, আব্দুর রহিম, আবু তাহের, মুন্সিগঞ্জ গ্রামের এনামুল হোসেন, যতীন্দ্রনগর গ্রামের জমাত আলী, পদ্মপুকুর গ্রামের নজরুল ঢালী, কালিঞ্চী গ্রামের আব্দুর রহমান গাইন ও আব্দুর রউফ, মো. নূরুজ্জামান, হাবিবুর রহমান, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, রবিউল গাইন, মো. ওলিউল্যাহ, ফয়জুল্লাহ গাজী ও শুকদেব গাইন। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান জেলেদের আটকের বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, অভয়ারণ্য এলাকায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে জেলেদের আটক করে ২ লাখ টাকা জরিমানাসহ তাদের কাছ থেকে জব্দকৃত বিভিন্ন প্রজাতির একশ কেজি মাছ নিলামে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।





