ফেসবুক স্ট্যাটাসে সাড়া দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে হুইল চেয়ার দিল জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার॥ যশোরের মনিরামপুর উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ৮ বছরের শিশু সিয়ামকে হুইল চেয়ার দিল জেলা প্রশাসন। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান শিশুটিকে এ হুইল চেয়ার দেন। গত ৩০ জানুয়ারির মনিরামপুর পৌর নির্বাচনে শিশু সায়েমকে নিয়ে ভোট দিতে আসেন তার পিতা মঈনুল ইসলাম। এসময় সাংবাদিকদের বহনকারী মাইক্রোবাসে উঠতে চায় শিশু সিয়াম, কিন্তু তার বাবা বলেছিল ‘ওই গাড়িতে চড়তে নেই।’ একথা শুনে যশোরের জ্যেষ্ঠ সাংবাদিক সাজেদ রহমান তাকে গাড়িতে বসিয়ে তার ছবি তুলে পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তার স্ট্যাটাসে সাড়া দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রফিকুল হাসান শিশু সিয়ামকে হুইলচেয়ার প্রদানের উদ্যোগ নেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রফিকুল হাসান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিজের সন্তানের মতো দেখি। সেজন্য সাধ্যের ভিতরে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি।
সাংবাদিক সাজেদ রহমান ৩০ জানুয়ারী লিখেছিলেন, “প্রতিবন্ধী ছোট্ট সিয়াম। তার বহুদিনের একটি শখ, সেই শখটাও বড় নয়, ছোট্ট। তার শখ একদিন সে গাড়িতে চড়বে। আজ গিয়েছিলাম সকালে মণিরামপুর পৌরসভার নির্বাচনে। তাহেরপুর কেন্দ্রে সকালে তার বাবা মঈনুলের কোলে চড়ে এসেছে সে। গ্রামে ভোট মানে উৎসব। সেই উৎসবের আনন্দ নিতে বাবার সাথে এসেছিল সিয়াম। সাংবাদিকদের গাড়ি দেখে বাবার কাছে আস্তে আস্তে বলল, বাবা আমি ওই গাড়িতে চড়বো। তার বাবা বলছে, ওই গাড়িতে চড়তে নেই। বাবার কথা শোনার পর ৮ বছরের সিয়ামের খুব মন খারাপ। দেখলাম বাবার কোলে বসে গাড়িতে হাত দিয়ে ছুঁয়ে দেখছে। এতেই সে আনন্দ পাচ্ছে। পাশে ছিলাম আমি। তার বাবাকে বললাম-নিয়ে আসেন আপনার পুত্রকে, ও একটু গাড়িতে বসে থাকুক। সিয়াম ঠিকমতো হাটতে পারে না। কোলে তুলে তার বাবা মাইক্রোবাসের একটি সিটে বসিয়ে দিল। শখ পুরণ হওয়ায় কি দারুণ আনন্দ সিয়ামের। ছোট্ট সিয়ামের ছোট্ট সখ পুরণ করতে পেরে আমিও খুশি। সিয়ামের জন্য একটি হুইল চেয়ার দরকার বলে জানিয়েছেন তারা বাবা।”

ভাগ