ভিন্স ঝড়ে বিগ ব্যাশে তৃতীয় শিরোপা সিক্সার্সের

লোকসমাজ ডেস্ক॥ করোনার বিস্তারের মধ্যেই নিজেদের ঘরোয়া জমজমাট ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ শেষ করে ফেললো অস্ট্রেলিয়া। শনিবার রাতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ইংলিশ তারকা জেমস ভিন্সের ঝড়ে পার্থ স্কোরচার্সকে হারিয়ে তৃতীয়বারের মত বিগ ব্যাশের শিরোপা জিতে নিলো সিডনি সিক্সার্স। আবার এটা হলো তাদের টানা দ্বিতীয়। ম্যাচটি ঘরের মাঠে ছিল বলে মানসিক সুবিধাটা সিডনি পেয়েছে- বলা যেতেই পারে। তবে মাঠের খেলায় পার্থ স্কোরচার্সও কিন্তু কম লড়াই করেনি। সিক্সার্সের করা ১৮৮ রানের জবাবে স্কোরচার্স করেছে ১৬১ রান। সিডনি জয় পেয়েছে ২৭ রানের ব্যবধানে। জেমস ভিন্সের ঝড়েই মূলতঃ জয় পেয়েছে সিডনি সিক্সার্স। এই ওপেনার খেলেন ৬০ বলে ৯৫ রানের ঝড়ো ইনিংস। ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ইনিংসটি সাজান ১০টি বাউন্ডারি এবং ৩টি ছক্কায়। পার্থ স্কোরচার্স অধিনায়ক অ্যাস্থন টার্নার টস জিতে ব্যাট করার আমন্ত্রণ জানান সিডনি অধিনায়ক মইসেস হেনরিক্সকে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য ওপেনার জস ফিলিপের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সিডনি। ৯ রানে রানআউট হন ফিলিপ। এরপর ড্যানিয়েল হিউজ আউট হন মাত্র ১৩ রান করে। অর্থ্যাৎ এক প্রান্তে উইকেট পড়তেই থাকে, অন্য প্রান্তে ধরে রেখে রান করেই যেতে থাকেন ভিন্স। অধিনায়ক মইসেস হেনরিক্স করেন ১৮ রান। দলীয় ১৪০ রানের মাথায় আউট হয়ে যান জেমস ভিন্সও। ততক্ষণে তিনি খেলে ফেলেন ৯৫ রানের ইনিংস। শেষ দিকে ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ১৪ বলে ২০, কার্লোস ব্র্যাথওয়েট ৬ বলে করেন ১০ রান। জর্দান সিল্ক ১১ বলে অপরাজিত থাকেন ১৭ রানে। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে সিডনি সিক্সার্স। পার্থ স্কোরচার্সের হয়ে ২টি করে উইকেট নেন জিয়ে রিচার্ডসন এবং অ্যান্ড্রু তায়ে। একটি উইকেট নেন ফাওয়াদ আহমেদ। জবাব দিতে নেমে পার্থের ব্যাটসম্যানরা বড় কোনো স্কোর খেলতে পারেননি। সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন লিয়াম লিভিংস্টোন। ৩০ রান করেন ক্যামেরন বেনক্রফট। ২২ রান করেন জস ইংলিশ। ২৬ রান করেন অ্যারোন হার্ডি। শেষ পর্যন্ত ৯ উইকেটে তারা থেমে যায় ১৬১ রানে। সিডনির হয়ে বেন ডুয়ারসিউস নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন জ্যাকসন বার্ড, সিন অ্যাবট এবং ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। ম্যাচ সেরার পুরস্কার জেতেন জেমস ভিন্স।

ভাগ