নানা চমকে অনন্ত-বর্ষার নতুন ছবি

লোকসমাজ ডেস্ক॥ চলচ্চিত্রে অনন্ত জলিল শুরু থেকেই নানা চমক দিয়ে আসছেন। বিশেষ করে অ্যাকশন, টেকনোলজি ও গানের কোরিওগ্রাফিতে একটা বড় পরিবর্তন এনেছেন তিনি। এবারো স্ত্রী ও নায়িকা বর্ষাকে নিয়ে নানা চমক নিয়ে হাজির হচ্ছেন অনন্ত। গেল বছরেই ‘নেত্রী দ্য লিডার’ নামে নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন এই চিত্রনায়ক ও প্রযোজক। সম্প্রতি সেই সিনেমার জন্য দক্ষিণ ভারতীয় অভিনেতা কবির দোহান সিংকে চূড়ান্ত করা হয়। শুধু তাই নয়, এই ছবিতে আছেন ভারতীয় আরো দুই অভিনেতা। দুইজনের একজন হলেন জনপ্রিয় ভোজপুরী অভিনেতা রবি কিষাণ এবং প্রদীপ রাওয়াত। ২০০৬ সালে রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে বেশ পরিচিতি পান রবি কিষাণ।
তিনি বর্তমানে ভারতের সংসদ সদস্যও। তবে অভিনয়েও নিয়মিত। অন্যদিকে প্রদীপ রাওয়াত দক্ষিণ ভারতীয় সুপরিচিত অভিনেতা। আমির খানের সুপারহিট ছবি ‘গজনী’র ভিলেন হিসেবেই বেশি পরিচিত। এ অভিনেতার ঝুলিতেও রয়েছে অনেক হিট সিনেমা। আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। এ বিষয়ে অনন্ত জলিল বলেন, আগেই বলেছি- যে ছবিই নির্মাণ করি না কেন, চমক তাতে থাকবে। তারই ধারাবাহিকতায় ছবিটি হচ্ছে। এখানে ভারতীয় এ তিন অভিনেতার বিষয়টি চূড়ান্ত করেছি। পরিচালক হিসেবে থাকবেন তুর্কি ও ভারতের পরিচালক উপেন্দ্র মাধব। এদিকে এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন বর্ষা। তিনি বলেন, সিনেমাটি হবে অবশ্যই আন্তর্জাতিক মানের। আমাদের এ নতুন ছবিতে ভারতের তিন জনপ্রিয় অভিনেতা কাজ করছেন। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনার ছবি ‘নেত্রী দ্য লিডার’। যার ৯৫ শতাংশ শুটিং হবে তুরস্কের বিভিন্ন লোকেশনে, আর ৫ শতাংশ শুটিং হবে ঢাকায়।

ভাগ