যশোরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ: সরকারের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ কারাদন্ডাদেশের প্রতিবাদে যশোরে ছাত্রদল সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে শহরের লালদিঘি পাড়ে দলীয় কার্যালয়ের সামনে সদর উপজেলা, নগর, এম এম কলেজ, সিটি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমদ। বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, নগর ছাত্রদলের সদস্যসচিব মাসুদ কায়সার ইশতি, সিটি কলেজ ছাত্রদলের আহবায়ক মিজান চৌধুরী, সদস্য সচিব শাওন ইসলাম সবুজ, পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান প্রমুখ। সমাবেশে ছাত্র নেতারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তারেক রহমানের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে নানা ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের আগামী দিনের কান্ডারি তারেক রহমান যাতে ভবিষ্যতে দেশে ফিরে আসতে না পারেন এজন্য কল্পিত মিথ্যা বানোয়াট মামলা সাজিয়ে বিচারকে প্রভাবিত করে দণ্ড দিতে বাধ্য করছে। ছাত্রদল নেতারা বলেন, তারেক রহমান কোনো ষড়যন্ত্রকে তোয়াক্কা করেন না। তার শরীরে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত বইছে। তিনি সরকারের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে অচিরেই দেশে ফিরে আসবেন। তার নেতৃত্বেই এদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন ত্বরান্বিত হবে। সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীর নামে দায়ের করা বানোয়াটমামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

ভাগ