চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় কোয়েল পাখির ডিম দেয়ার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে সাড়ে চার বছর বয়সী এক মেয়ে শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার কাকুড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। বর্তমানে ওই শিশুটি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মা অভিযোগ করে বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে তার সাড়ে চার বছর বয়সী মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী ইউনুছ আলীর ছেলে রাহান উদ্দীন (১৪) মেয়েকে কোয়েল পাখির ডিম দেয়ার লোভ দেখিয়ে তাদের ঘরের ভেতরে নিয়ে যায়। তখন তাদের বাড়িতে কেউ ছিল না। ঘরের ভেতরে নিয়ে শিশুটিকে যৌন হয়রানি করে। একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে তাকে উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্নস্থানে কালো চিহ্ন দেখা গেছে। রাহান তাকে যৌন হয়রানি করেছে বলে জানিয়েছে। পরে রাত ১১টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার আরিফ আহম্মেদ বলেন, সাড়ে চার বছরের এক মেয়ে শিশু যৌন হয়রানির ঘটনায় হাসপাতালে ভর্তি রয়েছে। মেয়েটির শরীর থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ধর্ষণ হয়েছে কি না তা রিপোর্ট আসার পরে জানা যাবে।
স্থানীয় স্বরূপদহ ইউনিয়ন পরিষদের কাকুড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য শাহাজালাল শনিবার বিকেলে জানান, ‘মেয়েটি সাড়ে চার বছরের শিশু। ছেলেটিও ১২ থেকে ১৩ বছরের কিশোর। শুক্রবার বিকেলে ঘটনা ঘটার পর রাতে মেয়েটিকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসা দিয়ে নিয়ে আসা হয়েছে। এখন ছেলেটি ও মেয়েটিসহ উভয় পরিবার চৌগাছা থানায় অবস্থান করছে। আমি নিজেও সেখানে যাচ্ছি।’ এ ব্যাপারে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। এই মুহূর্তে নির্দিষ্ট কিছু বলতে পারছি না। বিষয়টিতে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।





