স্টাফ রিপোর্টার ॥ আগামী ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি খুলনা বিভাগের সব ভাটায় ইট বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে প্রেস কাব যশোরের সামনে পরিবেশ অধিদফতরের ইট পোড়ানো আইন ২০১৩ এর একটি উপধারা বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। মানববন্ধনে জেলার সব ভাটা মালিক ও শ্রমিকরা অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারি নির্দেশনা মোতাবেক তারা ইট ভাটা পরিচালনা করে আসছেন। কিন্তু পরিবেশ অধিদফতরের একটি উপধারা তাদেরকে অবৈধ ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে অবিলম্বে এই ধারাটি বাতিলের দাবি জানান তারা। ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি খুলনা বিভাগের সব জেলার ভাটা মালিকদের ইট বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেন। সুষ্ঠু সমাধান না পেলে আগামী ২০২১-২০২২ অর্থ বছরে সকল ভাটায় ইট প্রস্তুত বন্ধ রাখা হবে বলেও জানান তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ।





