মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী অ্যাড. আমিরুল ইসলাম খানের প্রার্থিতা বাতিল ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল মহেশপুর পৌরসভা নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন। এসময় বিএনপি সমর্থিত প্রার্থীর কাগজপত্র অসম্পূর্ণ থাকায় তার প্রার্থিতা বাতিল করেন তিনি। রিটার্নিং অফিসার শাশ্বতী শীল জানান, পৌরসভা নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১২ অনুযায়ী পৌর মেয়র প্রার্থী আমিরুল ইসলাম খান আয়কর রিটার্ন বিবরণী ও আয়কর রশিদ দাখিল না করায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়া সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের এক নারী কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। নির্বাচনে ৩ জন মেয়র, ৪১ জন কাউন্সিলর ও ১১ জন নারী কাউন্সিলর প্রার্থীকে বৈধ ঘোষনা করা হয়েছে। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।





