খেলার খবর

মিরাজের প্রথম শতকে চালকের আসনে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক॥ কিশোর বয়স পার হতে হতে জাতীয় দলে ঢুকেছিলেন অফস্পিনার হিসেবে। কিন্তু তিনি যে নিখাদ অলরাউন্ডার সেকথা নিজে যেমন বিশ্বাস করতেন, তেমনি যুবদলেও প্রমাণ রেখেছেন। সেই মেহেদী হাসান মিরাজ এতদিন বাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নিজের ব্যাটিং সত্ত্বার বিকাশ ঘটালেন, ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে। চট্টগ্রামে তার কল্যাণেই বাংলাদেশ প্রথম ইনিংসে চারশতাধিক রান করতে সক্ষম হয়েছে। প্রথম ইনিংসের দলীয় ৪৩০ রানের ভেতর মিরাজের একার ১০৩। বৃহস্পতিবার সাকিব আল হাসানের পর মিরাজ অর্ধশতক তুলে এগিয়ে যেতে থাকেন।এদিন দিনের শুরুতেই ফিরে যান লিটন দাস। দ্বিতীয় দিনের তৃতীয় ওভারের লেংথ বলে পয়েন্ট দিয়ে কাট করতে যান ডানহাতি ব্যাটসম্যান। বল যতটা কাছে ছিল, সেখান থেকে সকালের উইকেটে কাট করা সহজ ছিল না। লিটন সেটি করতে গিয়েই বোল্ড হন। ৬৭ বলে ৩৮ করে ফিরতে হয় তাকে। লিটন ফেরার পর মিরাজকে নিয়ে সাকিব দারুণ আত্মবিশ্বাসে খেলতে থাকেন। নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ফেরার ম্যাচে ১১০ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। টেস্টে তার এটি ২৫তম ফিফটি। শেষ পর্যন্ত ১৫০ বলে ৫ চারে ৬৮ রান করেন সাকিব। মিরাজের সঙ্গে তার সপ্তম উইকেট জুটি ছিল ৬৭ রানের। মিরাজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পান ১৬১ বলে। ম্যাজিক ফিগারে পৌঁছাতে ১৩টি চার হাঁকান তিনি। মিরাজের আউটেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ১৫১তম ওভারে রাকিমকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন। ১৬৮ বলে শেষ হয় তার ১০৩ রানের ইনিংস।

বাজে শুরুর পর বাবর-ফাওয়াদে রক্ষা পাকিস্তানের
স্পোর্টস ডেস্ক॥ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে শুরুটা মোটেও ভালো ছিল না পাকিস্তানের। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেওয়া দলটা ২২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়। সেখান থেকে দলকে উদ্ধার করেছেন অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলম। বৃহস্পতিবার শুরু হওয়া টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেট ১৪৫। বৃষ্টির কারণে দিনের খেলা হতে পেরেছে ৫৮ ওভার। বাবর ৭৭ ও ফাওয়াদ ৪২ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে এখন পর্যন্ত ১২৩ রান যোগ করেছেন দুজন। নতুন বলে প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ বেশ ভুগিয়েছেন স্বাগতিক ব্যাটারদের। ওপেনার ইমরান বাট (১৫) ও আজহার আলিকে (০) ফিরিয়ে দেন তিনি। মাঝে আবিদ আলিকে (৬) তুলে নেন আরনিক নরকিয়া। প্রথম সেশন শেষে পাকিস্তানের স্কোর ছিল ৬৩/৩। দ্বিতীয় সেশন পুরোটা নিজেদের করেন বাবর ও ফাওয়াদ। তবে চা বিরতির পর বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। তৃতীয় ও শেষ সেশন পুরোটাই যায় বৃষ্টির পেটে। প্রথম টেস্ট ৭ উইকেটে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে পাকিস্তান।

এক সপ্তাহ পেছাল বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ
স্পোর্টস ডেস্ক॥ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। মার্চে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টির সূচি নির্ধারিত ছিল। তবে সিরিজটি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। পূর্ব নির্ধারিত সূচিতে ১৩ মার্চ শুরু হওয়ার কথা ছিল সিরিজ। এখন যেটি শুরু হবে ২০ মার্চ। চলবে ১ এপ্রিল পর্যন্ত। তবে ম্যাচ সংখ্যা আগের মতোই থাকছে। করোনা পরিস্থিতিতে সিরিজ আয়োজনের পর্যাপ্ত প্রস্তুতির জন্য এই পিছিয়ে দেওয়া বলে বিবৃতে জানায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০১৯ সালে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরকালেই ক্রাইস্টচার্চের মসজিদে এক বন্দুকধারী হামলা চালায়। বাংলাদেশ দলের কয়েকজন সদস্য হামলার শিকার হওয়া একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। অল্পের জন্য যারা প্রাণে বেঁচে যান। পরে বাংলাদেশ দল সিরিজের বাকি ম্যাচ স্থগিত করেই দেশে ফিরে আসে। সেই সফরের পর এই প্রথম নিউজিল্যান্ডে যাবে টাইগাররা। কুইন্সটাউনে ৫ দিনের ট্রেনিং ক্যাম্প শেষে ২০ মার্চ ডাবলিন ইউনিভার্সিটি ওভালে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। ২৬ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। ২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টির ভেন্যু হ্যামিলটন। ৩০ মার্চ নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ১ এপ্রিল অকল্যান্ডে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

মেসির পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল: ডি মারিয়া
স্পোর্টস ডেস্ক॥ আসছে গ্রীষ্মে লিওনেল মেসি পিএসজিতে যোগ দিতে পারেন বলে গুঞ্জন। ফরাসি ক্লাবটিও বেশ তৎপর। বার্সেলোনা অধিনায়কের প্যারিসের ক্লাবে যোগ দেওয়া নিয়ে প্রায়ই কথা বলছেন ক্লাবটির কেউ না কেউ। এবার যে দলে যোগ দিলেন আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া। মেসির পিএসজিতে যোগ দেওয়ার ব্যাপারে বেশ আশাবাদী ডি মারিয়া। তিনি বিশ্বাস করেন মেসি এটা করতে পারেন, ‘আমি আশাবাদী’। নিমকে ৩-০ গোলে হারানোর পর পোস্ট ম্যাচ সংবাদ সম্মেলনে ডি মারিয়া আরো বলেন, ‘এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তবে আমাদের ধৈর্য ধরতে হবে। এ নিয়ে কাজ চলছে, দেখি কী হয়।’ পিএসজির সঙ্গে ডি মারিয়ার চুক্তি শেষ হবে ৩০ জুন। তবে এই আর্জেন্টাইন আশাবাদী ক্লাবের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে। এরই মধ্যে খবর প্রকাশ হয়েছে নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে পিএসজি। তবে ডি মারিয়া নেইমারের বিষয়টির সঙ্গে নিজেকে মেলাচ্ছেন না। বাস্তবতা মাথায় রেখে বলছেন, ‘নেইমার অনেক তরুণ। তাই প্রথমে তার সঙ্গে কথা বলা সহজ।’ ‘আমরা অল্প অল্প করে আলোচনা করছি। গুরুত্বপূর্ণ হচ্ছে আমি প্যারিসে সুখী।’

টেস্টে ফিরেই মোস্তাফিজের উইকেট উদযাপন
স্পোর্টস ডেস্ক॥ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ৪৩০ রান। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসের শুরুতেই হারিয়েছে ওপেনার জন ক্যাম্পবেলকে। অনেকদিন পর টেস্ট একাদশে সুযোগ হয়েছে মোস্তাফিজুর রহমানের। টিম ম্যানেজমেন্টের আস্থার জবাবটা তিনি বল হাতে নিয়েই দিলেন। বাঁহাতি পেসার দলকে এনে দিয়েছেন প্রথম উইকেট। তার বলে এলবিডাব্লিউয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ৩ রান করা ক্যাম্পবেল। সীমিত ওভারের ক্ষেত্রে এই বাঁহাতি পেসার প্রথম পছন্দ থাকলেও লাল বলের ক্রিকেটে বারবার হয়েছেন উপেক্ষিত। ২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ড সফরে সবশেষ টেস্ট খেলা মোস্তাফিজের লাল বলের স্কিলের ঘাটতি থাকার কথা জানিয়েছিলেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। যে কারণে গত বছরের ফেব্রুয়ারির পাকিস্তান সফরের স্কোয়াডে জায়গা হয়নি তার। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে ফিরলেও ডোমিঙ্গো জানিয়েছিলেন, বাঁহাতি পেসারের বোলিং নিয়ে কাজ করাতেই শুধু দলে রাখা হয়েছে। সেই তিনি লাল বলের ক্রিকেটে ফিরতেই করলেন উইকেট উদযাপন। তার বলে ক্যাম্পবেলের বিদায়ের সময় ক্যারিবিয়ানদের স্কোর ছিল ১ উইকেটে ১১ রান। আন্তর্জাতিক তো দূরে থাক, ঘরোয়া ক্রিকেটেও কখনও তিন অঙ্কের ঘরে যাওয়া হয়নি মেহেদী হাসান মিরাজের। সেই তিনিই লম্বা বিরতির পর টেস্ট ক্রিকেটে ফিরেই পেয়ে গেলেন সেঞ্চুরি। তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে স্বাগতিকরা করেছে ৪৩০ রান। জোমেল ওয়ারিকানের বলে ২ রান নিয়ে সেঞ্চুরি পূরণ করেন মিরাজ। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করতে লেগেছে তার ১৬০ বল। রাকিম কর্নওয়ালের বলে আউট হওয়ার আগে ডানহাতি ব্যাটসম্যান খেলে যান ১০৩ রানের ঝলমলে ইনিংস। ১৬৮ বলের স্মরণীয় ইনিংসটি সাজিয়েছেন ১৩ বাউন্ডারিতে। শেষ ব্যাটসম্যান হিসেবে তার আউটে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। এছাড়া হাফসেঞ্চুরি পেয়েছেন সাকিব আল হাসান। খেলেছেন ৬৮ রানের ইনিংস। লিটন দাস আউট হয়েছেন ৩৮ রানে। আর আগের দিন ফিফটি পেয়েছিলেন সাদমান ইসলাম (৫৯)।

ভাগ