লোকসমাজ ডেস্ক॥ ‘তুমি যাকে ভালোবাসো’-খ্যাত পশ্চিমবঙ্গের গায়িকা ইমন চক্রবর্তী বিয়ে করেছেন। পাত্রের নাম নীলাঞ্জন ঘোষ। গত বছরের দুর্গাপূজার তৃতীয়ায় তারা বাগদান সেরেছিলেন। গতকাল লেক গার্ডেনসের বাড়িতে ঘনিষ্টজনদের উপস্থিতিতে রেজিস্ট্রি করে ফেলেন। সুরকার ও সংগীত পরিচালক নীলাঞ্জনের সঙ্গে অনেকদিন ধরে প্রেম করছিলেন ইমন। এবার এক ছাদের নীচে থাকার পালা শুরু হলো। বিয়ের দিন ইমন পরেছিলেন জরির কাজ করা কমলা রঙের সিল্কের শাড়ির সঙ্গে সোনার গয়না এবং নীলাঞ্জন সাদা পাঞ্জাবি-পায়জামা। আগামীকাল জাঁকজমক আয়োজনে তাদের রিসিপশন হবে।
বিয়ে ও বৌভাতের অনুষ্ঠানও একই দিনে অনুষ্ঠিত হবে। ফেসবুকে যুগল ছবি পোস্ট করে ইমন লিখেছেন ‘জাস্ট ম্যারেড’। তাদের বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে বয়ে যাচ্ছে শুভেচ্ছার বন্যা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতক-স্নাতকোত্তর। পড়াশোনা পুরোপুরি সংগীত নিয়ে। ক্ল্যাসিক্যাল, রবীন্দ্রসংগীত ও লোকগানের চর্চা করে আসছেন শুরু থেকেই। ছোটবেলায় মা তৃষ্ণা চক্রবর্তীর কাছে গানের হাতেখড়ি ইমনের। বড় হয়েছেন পশ্চিমবঙ্গে। ইমনের শিকড় বাংলাদেশে। তার ঠাকুরদা কুমিল্লার মানুষ, দেশভাগের সময় তারা চলে যান পশ্চিমবঙ্গে। চলচ্চিত্রের গানের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমন।





