স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় স্যালো ইঞ্জিনচালিত করিমন দুর্ঘটনা ও নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে ৬ জন আহত হয়েছেন। রোববার আলাদাভাবে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা থেকে ইটভাঙ্গার কাজে নিয়োজিত শ্রমিকরা করিমন যোগে চৌগাছায় আসছিলেন। পথে চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা মাঠে পৌঁছালে চাকা ফেটে বাহনটি সড়কে উল্টে যায়। এসময় শ্রমিক জীবননগর উপজেলার গোপালনগর গ্রামের ইবাদত হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩০), একই গ্রামের বাকের আলীর ছেলে আমিরুল ইসলাম (৪০), আ. আলিমের ছেলে আশরাফুল (৪০), ভাঙ্গাপাড়া গ্রামের তমছের আলীর ছেলে সোহেল রানা (২৫) ও একই গ্রামের সুলতান আহমেদের ছেলে সেলিম রেজা (২৫) আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে সোহেল রানা ও আমিরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। এদিকে সকালে চৌগাছা-যশোর সড়কে নিমতলা বাজারে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহত আজগার আলী (৩০) যশোর সদর উপজেলার জগহাটি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





