নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ ভারতের পেট্রাপোল স্থলবন্দরে শ্রমিকদের ধর্মঘটের কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে দু-দেশের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। বেনাপোল সিন্ডঅ্যান্ডএফ স্টাফ অ্যসোশিয়েশসনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পেট্রাপোল স্থলবন্দরে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে রবিবার সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তাদের ৫ দফা দাবিগুলো হলো- (১) অবিলম্বে আগের মত হ্যান্ড কুলি ও পরিবহন কুলিদের কাজের পরিবেশ ফিরিয়ে দিতে হবে। (২) আগের মত চালক ও সহকারীদের পায়ে হেঁটে পেট্রাপোল-বেনাপোল বন্দরের মধ্যে যাতায়াতের ব্যবস্থা করতে হবে। (৩) সাধারণ ব্যবসায়ী,মুদ্রা বিনিময়কারী,পরিবহন,কিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট,চালক সহকারী ও অন্যান এজেন্সির নিরাপত্তার নামে অত্যাচার বন্ধ করতে হবে। (৪) বাংলাদেশে ২৪ ঘন্টার মধ্যে পণ্যবাহী গাড়িগুলো খালি করার ব্যবস্থা করতে হবে। (৫) আধুনিকতার অজুহাতে শ্রমিকদের কর্মহীন করা চলবে না। ভারতীয় পেট্রাপোল স্থলবন্দর শ্রমিকদের এ আন্দোলনের কারণে বেনাপোল স্থলবন্দরে শ শ পণ্যবাহী রফতানিকৃত ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।





