যশোরে মাদ্রাসাছাত্রীসহ দু’জনের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৃথক ঘটনায় এক মাদ্রাসাছাত্রীসহ দু’জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এদিকে, সিঁড়ি থেকে পড়ে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের সাথী ওরফে নুপুর (১৪) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পারিবারিক গোলযোগের জের ধরে শনিবার দুপুরে ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস দিলে তার মৃত্যু হয়। সাথী ওরফে নুপুর হাকিমপুর দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী। সে একই গ্রামের সামাউল ইসলামের কন্যা।
অপরদিকে, অভয়নগর উপজেলার ডামুখালী গ্রামের প্রকাশ হাওলাদারের ছেলে শিবু হাওলাদার (২০) একই দিন দুপুরে ঘরের ভেতর বৈদ্যুতিক ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সাংসারিক গোলযোগের জের ধরে অভিভাবকদের প্রতি অভিমান করে শিশু হাওলাদার গলায় ফাঁস দেন বলে স্থানীয়রা জানিয়েছেন। সংশ্লিষ্ট থানার পুলিশ লাশ উদ্ধার করার পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে, যশোর শহরের জজ আদালতের কাছে শ্যামল বাবুর বিল্ডিংয়ের ৫ম তলার সিঁড়ি থেকে পড়ে কামরুল ইসলাম (৪০) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। কামরুল ইসলামের বাড়ি পুরাতন কসবা পুলিশ লাইন এলাকায়। মৃতের ছেলে বিল্লাল হোসেন জানিয়েছেন, তার পিতা শ্যামল বাবুর হোটেলের কর্মচারী। কাল দুপুর ১টার দিকে পান খেয়ে শ্যামল বাবুর ৫ম তলা উঠার সময় মাথা ঘুরে পড়ে গুরুতর আহত হন। পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাগ