স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশীর যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার প্রেসকাব যশোরে এক সংবাদ সম্মেলনে ইউনিয়নের খাজুরা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন প্রতিবেশী আব্দুল খালেকের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন। এ সময় মোশাররফ হোসেন বলেন, ৬/৭ মাস যাবত বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন ও তার পরিবার গৃহবন্দি অবস্থায় অতিকষ্টে জীবন যাপন করছে। কারণ, বাড়িতে যাতায়াতের একমাত্র পথটি বন্ধ করে দিয়েছে। শতবর্ষের পথটি আব্দুল খালেক জবর-দখল করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছে। যে কারণে পরিবারের কোন সদস্যের স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, বাজারঘাট, হাসপাতাল এমনকি কবরস্থানে যাতায়াতের কোন পথ নেই। বিষয়টি নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করায় আব্দুল খালেকসহ তাদের পরিবারের সদস্যদের হামলায় কামাল হোসেন নামের এক গ্রামবাসী আহত হন। তিনি আব্দুল খালেকের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তার প্রতিবেশী আবুল কাশেম, হারুন-অর-রশিদ, মেজবাহ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।





