সংবাদ সম্মেলনে অভিযোগ মনিরামপুরে প্রভাবশালী দু’ভাইর ভয়ে জমিতে যেতে পারছে না একটি পরিবার

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের দুই প্রভাবশালী ভাই হাবিব খান ও কাবিল খানের ভয়ে জমিতে যেতে পারছে না একটি পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য আবুল বাশার গতকাল রোববার প্রেসকাব যশোরে সংবাদ সম্মেলন করেন। উপজেলার রাজগঞ্জ অঞ্চলের রামপুর গ্রামের বাসিন্দা আবুল বাশার বলেন, তার পিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গাজী ১৯৯৩ সালে পারখাজুরা বাঁওড়ে সরকারের কাছ থেকে ১৩০ শতক জমি বন্দোবস্ত নেন। এরপর থেকে কয়েক বছর ওই জমিতে তারা চাষাবাদ করেছেন। ২০০০ সালের বন্যার পর ওই জমিতে আর কোন আবাদ হয়নি। বর্তমানে জমিটি আবাদের উপযোগী হওয়ায় ২৬ জানুয়ারি তারা জমির কচুরীপনা পরিস্কার করতে যান। এ সময় পার্শ্ববর্তী মশ্বিমনগর গ্রামের হাবিব খান ও কাবিল খান দেশীয় অস্ত্রসহ গতিরোধ করে খুন জখমের হুমকি দেয়। তারা বলতে থাকে জমিতে গেলে লাশ ফেলে দেয়া হবে। এমনকি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। এ সময় তাদের সাথে ছিল আব্দুল রহিম খান, সজিব খান ও বাপ্পি খান। তিনি আরও বলেন, তারা দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। হামলা, চাঁদাবাজি দখল দারিত্বের কারণে এলাকার সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি হয়ে আছে। এমতাবস্থায় ভুক্তভোগী আবুল বাশার তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে প্রশাসনের কাছে জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তার ভাই আব্দুস সালাম, সাগর হোসেন, রাজু আহমেদ, ফরহাদ হোসেন প্রমুখ।

ভাগ