বেনাপোল পৌরসভায় ১১ কোটি টাকার সড়ক নির্মাণের ১০ দিনের মাথায় উঠে যাচ্ছে পিচ !

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোলে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুই কিলেমিটার সড়কের পিচ ১০ দিনের মাথায় উঠে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের কারণে সড়টির এমন বেহাল দশা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। বেনাপোল পৌরসভার দুর্গাপুর গ্রাম থেকে চেকপোস্ট পর্যন্ত ২ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়।
জানা গেছে, ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটির নির্মাণ কাজ শুরু হয় গত ১২ জানুয়ারি। অভিযোগ রয়েছে, নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী। নিম্নমানের ইট, খোয়া,বালু ,পাথর ,পিচ এমনকি পোড়া মোবিল ব্যবহার করে ইতোমধ্যে ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। সড়কের নামাজ গ্রাম এলাকায় পা দিয়ে ঘষা দিলে উঠে যাচেছ সড়কের পাথরকুচি। ফলে গ্রামবাসীর মাঝে দেখা দিয়েছে চরম উওেজনা। জানা গেছে, ঝিনাইদহের ঠিকাদারি প্রতিষ্ঠান নিশিত বসু পৌরসভার এই সড়কের নির্মাণ কাজ করছেন। বেনাপোল পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকবর হোসেন বলেন, শুধু এই সড়কটি নয় বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডে রাস্তা, সড়ক, ড্রেন, কালভার্ট ও ফুটপথ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কোটি কোটি টাকা তছরুপ করছে বেনাপোল পৌর সভা। সড়কটিতে পিচের বদলে পোড়া মোবিল ব্যবহার করায় পা দিয়ে ঘষা দিলেই পিচ উঠে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু জানান, বেনাপোল পৌরসভার সচিব রফিকুল ইসলাম পৌরসভার সকল উন্নয়ন কাজ অন্যের লাইসেন্স ভাড়া করে নিজেই ঠিকাদারি কাজ করে কোটি কোটি টাকা লুটপাট করছেন। লুটপাটের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি। বেনাপোল পৌরসভার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ প্রতিবেদককে জানান, দুই কিলোমিটার এই সড়কটি নির্মাণে নিয়ম মেনেই কাজ করা হয়েছে। ১১ কোটি টাকার সড়কটি প্যাকেজ আকারে করা হচ্ছে। তবে আপনি অফিসে আসেন, বসে কথা বলা যাবে।

ভাগ