মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাগেরহাটের মোরেলগঞ্জে শনিবার ৩য় ধাপের পৌর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে আওয়ামীলীগ সভাপতি এস এম মনিরুল হক তালুকদার নির্বাচিত হওয়ায় এখানকার নির্বাচন ছিল কাউন্সিলর পদে। ফলে এলাকায় নিজেদের পছন্দমতো কাউন্সিলরকে পাস করাতে মহিলা ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। সকাল ৮ টা থেকে ভোটারদের ব্যপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুপুরের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কমলেও ২ টার পর আবারো বেড়ে যায়। তবে একাধিক কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি ও প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেছে।
নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ ছিল মোবাইল টিম। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিল। ৯টি কেন্দ্রে আনসার সদস্য ছিল ৮১ জন। এর মধ্যে অস্ত্রধারী পিসি এপিসি ১৮ জন ও সাধারণ সদস্য ৩৬ জন। ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নির্বাচনে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫শ জন। বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফর অনুযায়ী, ১ নং ওয়ার্ড থেকে শাহিন শেখ (ডালিম), ২নং ওয়ার্ডে ইউনুছ আলী সরদার (উট পাখি), ৩নং ওয়ার্ডে আজিজুর রহমান মিলন (পাঞ্জাবী), ৪নং ওয়ার্ডে নান্না শেখ (পাঞ্জাবী), ৫নং ওয়ার্ডে শংকর রায় (টেবিল ল্যাম্প), ৬নং ওয়ার্ডে মোতালেব ফকির (পাঞ্জাবী), ৭নং ওয়ার্ডে অলিউর রহমান সুজন (উটপাখি), ৮নং ওয়ার্ডে রেদোয়ানুল করিম (পানির বোতল) ও ৯ নং ওয়ার্ডে মহিদুল শেখ (পানির বোতল) বেসরকারি ভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত ভোট গণনা চলছিল ফলে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদের ফলাফল তখনো জানা সম্ভব হয়নি।





