মাগুরায় যুবককে কুপিয়ে জখম মামলা করে হুমকিতে পরিবার

মাগুরা সংবাদদাতা ॥ মাগুরা সদরের বেরইল পলিতা গ্রামে জমি নিয়ে বিরোধে মহিবুল আলম অভি (১৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করায় ভিটে ছাড়ার হুমকিতে বিপাকে পড়েছেন ওই যুবকের পরিবার। হামলার শিকার যুবকের বাবা দিদারুল আলম জানান, তার ছেলে মহিবুল আলম অভি নাজির উদ্দিন বেরইল পলিতা কলেজে অনার্স ১ম বর্ষে পড়ে। গত ২৫ জানুয়ারি ছেলে অভিকে নিয়ে বাড়ির পাশে নিজ জমিতে লাগানো গাছ গরু ছাগল খেয়ে নষ্ট করার কারণে তাতে বেড়া দিচ্ছিলেন। তখন তার প্রতিবেশী রাজিব মিয়া, সজিব, রনি, নওশা, দাউদসহ দলের অন্যরা এসে তার জমিতে বেড়া দিতে বাধা দেন। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে চাইনিজ কুড়াল, লোহার রড লাঠিসোটা দিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় ছেলে অভিকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় নিয়ে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওই চিকিৎসক। দিদারুল আলম অভিযোগ করেন, ঘটনার পরদিন এ বিষয়ে মাগুরা সদর থানায় একটি মামলা করেন তিনি। মামলা করায় প্তি হয়ে দুর্বৃত্তরা তার পরিবারকে ভিটেবাড়ি ছাড়া করার হুমকি দিচ্ছে। এ অবস্থায় পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতা ভুগছেন বলে জানান তিনি। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ জানান, আসামি আটকের চেষ্টা চলছে। বাদীকে হুমকি বা নিরাপত্তাহীনতার ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে বলে জানান।

ভাগ