কচুয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত

কচুয়া (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের কচুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় তানভীর খন্দকার নয়ন(৩৫) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার মালিপাটন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত নয়নকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ফুলতলা গ্রামের গোলাম রসুল খোন্দকারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী তানভীর খন্দকার নয়ন মালিপাটন এলাকায় তার মাছের ঘের থেকে ফুলতলা গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌঁছালে পুর্বপরিকল্পিতভাবে একই গ্রামের মজিবর মোল্লার ছেলে কামরুল মোল্লা(৪০) সাথে থাকা চাপাতি দিয়ে কোপাতে শুরু করে। এসময়ে নয়ন আত্মরক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন। চাপাতির কোপে তার ঘাড়ের বাম পাশে ও বাম পায়ে জখম হয়েছে। পরে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসী কামরুল পালিয়ে যায়। স্থানীয়রা জানান, সন্ত্রাসী কামরুল বেশ কিছুদিন এই ব্যবসায়ীকে নানাভাবে হয়রানি করছিল। কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভাগ