স্টাফ রিপোর্টার, কেশবপুর(যশোর)॥ আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন কেশবপুর পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম। গত কয়েকদিন ধরে কেশবপুর শহরে সরব আলোচনা ছিলো কে হচ্ছেন নৌকার মাঝি। নতুন কেউ নাকি আবারো একই জন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শনিবার আওয়ামীলীগের স্থানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে রফিকুল ইসলামের প্রার্থীতা চূড়ান্ত করা হয়। এদিকে মনোনয়নের খবর পেয়ে কেশবপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিকেলে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, সহসভাপতি মনিরুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মদন সাহা অপু, আবু শাহীন, কাউন্সিলর আব্দুস সাত্তার, কাউন্সিলর আতিয়ার রহমান, কাউন্সিলর মফিজুর রহমান, বিশ্বাস জাহাঙ্গীর হোসেন, সৈয়দ আকমল আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ সালাউদ্দীন প্রমুখ। ঘোষিত তফশিল মোতাবেক ২৮ ফেব্রুয়ারি এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই বাছাই ৪ ফেব্রুয়ারি, ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার, ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হবে। কেশবপুর পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৭শ ২৫ জন । যার মধ্যে পুরুষ ১০ হাজার ১শ ৮৫ ও নারী ভোটার ১০ হাজার ৫ শ ৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।





