লোকসমাজ ডেস্ক॥ শেয়ারবাজারে লেনদেন গড়ে তিন হাজার কোটি টাকায় উন্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। বর্তমানে দুই থেকে আড়াই হাজার কোটি টাকার লেনদেন হয় বলে জানান তিনি।
শনিবার (৩০ জানুয়ারি) গাজীপুরের রাজেন্দ্রপুরের ব্র্যাক সিডিএমে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘স্থিতিশীল পুঁজিবাজার গঠনে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।শামসুদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজারের বাজার মূলধন ৫ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এটা বাংলাদেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো ইতিহাস গড়েছে।
তিনি বলেন, শেয়ারবাজারের উন্নয়ন ছাড়া, আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নের শিখরে পৌঁছাতে পারব না। বিগত সময়ে আমরা এ বিষয়ে অনেক পিছিয়ে ছিলাম। আমরা ধীরে ধীরে উঠে আসছি।
তিনি আরো বলেন, পৃথিবীর এমন কোনো ভালো প্রতিষ্ঠান বা পেশা নেই নেই যে যেখানে প্রশিক্ষণ হয় না। প্রশিক্ষণবিহীন কোনো প্রতিষ্ঠান বা কোনো পেশা কখনোই টিকে থাকতে পারে না। আমি মনে করি বর্তমান কমিশন মিডিয়াবান্ধব। আমরা মিডিয়ার সাথে নির্দ্বিধায় কথা বলি সেই স্বচ্ছতা ও মনোভাব আমাদের রয়েছে। তবে মিডিয়ার সহায়তা ছাড়া বাংলাদেশের ক্যাপিটালাইজেশন ইম্প্যাক্ট কখনোই সফল হবে না।
বিএসইসি নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বলেন, কর্মশালার মাধ্যমে দক্ষতা উন্নয়নে যে উদ্যোগ নেয়া হয়েছে, তা প্রশংসনীয়। প্রশিক্ষণে পুঁজিবাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যা বিনিয়োগকারীদের সঠিক তথ্য প্রকাশে সহায়ক হবে।
কর্মশালার প্রশিক্ষক ও বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, পুঁজিবাজারকে অটোমেশনের যে উদ্যোগ নেয়া হয়েছে, ইতোমধ্যে পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। বিও হিসেব খোলা, আইপিও আবেদন করাসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। মিউচুয়ালাইজেশন যে কারণে করা হয়েছে প্রকৃত পক্ষে তা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। চেষ্টা করা হচ্ছে যাতে এর সুফল পাওয়া যায়।
এ সময় কর্মশালায় অ্যাসকোয়ার নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক মো. এহসানুল হাবিব, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মো. রেজাউল হক, সিএমজেএফ’র সভাপতি হাসান ইমাম রুবেল, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম, ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও শাহিদুল ইসলাম, এপির ব্যুারো প্রধান জুলহাস আলম।





