পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ আজ শনিবার খুলনার পাইকগাছা পৌরসভার নির্বাচন। নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর ৩২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর নৌকা প্রতীক ও অ্যাডভোকেট প্রশান্ত মন্ডল কাস্তে প্রতীক নিয়ে লড়ছেন। নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে মোট ভোটার ১৪ হাজার ৪ ’শ ৩১ জন। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, পৌরসভার কোন ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণের আওতায় ভাবা হচ্ছে না। সকল ওয়ার্ডকে সমান গুরুত্ব দেয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারেন সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে পাইকগাছার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জি.এম আবুল কালাম আজাদ বলেছেন, পৌর নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার করার জন্য প্রশাসন বদ্ধপরিকর। যদি কোন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আচরণবিধি লঙ্ঘন ও দায়িত্বে অবহেলা হলেও ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার দুপুরে পাইকগাছা থানা বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত সভায় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডি সার্কেল) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এস.এম রাজু আহম্মেদ, পুলিশের ওসি মো. এজাজ শফী, ওসি (তদন্ত) আশরাফুল আলম।




