খুলনা সংবাদদাতা॥ দ্বিতীয় মেয়াদ শেষে বিদায় নিচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বুধবার (২৭ জানুয়ারি) সফলভাবে দ্বিতীয় মেয়াদ সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ও ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার টিপু সুলতান, উপ রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, সহকারী রেজিস্ট্রার তাসলিমুল হক, গুলশান আরা, সেকশন অফিসার মঞ্জুর মোর্শেদ ও রমা দাস বক্তব্য রাখেন।
এসময় উপাচার্য বলেন, সততা, নিষ্ঠা আন্তরিকতা ও কর্মদক্ষতা একটি প্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার মেয়াদকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছি। এ দীর্ঘ সময়ে দায়িত্বপালন করতে গিয়ে ভুল হতে পারে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। দুপুরে বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারিদের সাথে মতবিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। এর আগে প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৩ সালের ১০ জানুয়ারি প্রথম মেয়াদে যোগদান করেন। পরে ২০১৭ সালের ৩০ জানুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে পুনরায় উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আগামীকাল (বৃহস্পতিবার) তার দ্বিতীয় মেয়াদ পূর্ণ হবে।





