পরকীয়ার জের ধরে স্ত্রীকে হত্যা, পরে আত্মহত্যা বলে প্রচার

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরার মাগুরা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা সাধুপাড়ায় স্বামীর বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম বিউটি রাণী সাধু (২৮)। তিনি মাগুরা গ্রামের সাধুপাড়ার স্কুল শিক্ষক সাধন কুমার সাধুর স্ত্রী ও ঝিনাইদহ জেলা সদরের চাকলাপাড়া গ্রামের বিষ্ণুপদ সাধু খার মেয়ে। বিউটি রাণী সাধুর মামাতো ভাই কনক বিশ্বাস অভিযোগ করে জানান, তার দুলাভাই সাধন সাধুর সঙ্গে অন্য একটি মেয়ের পরকীয়া সম্পর্ক রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিউটি রাণীর সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতের কোনো এক সময় তার দুলাভাই সাধন সাধু তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে এই হত্যাকাণ্ডকে তারা ‘আত্মহত্যা’ বলে প্রচার করেন। স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তারা সাতক্ষীরা সদর থানার পুলিশকে খবর দেন। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত বিউটি সাধুর একটি চার বছরের ছেলে রয়েছে। তবে, সাধন কুমার সাধুর ভাইপো অন্তর কুমার সাধু তার চাচার পরকীয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, তার কাকার কোনো অবৈধ সম্পর্ক ছিল না। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে নিহত গৃহবধূর স্বামী স্কুল শিক্ষক সাধন কুমার সাধুকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার হত্যার আসল রহস্য জানা যাবে।

ভাগ