স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবক ছুরিকাহত

স্টাফ রিপোর্টার ॥ যশোরে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে হাবিবুর রহমান (২০) নামে এক যুবক জখম হয়েছেন। গত রোববার গভীর রাতে শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। শেখহাটি জামরুলতলা এলাকার জনৈক দাউদের বাড়ির ভাড়াটিয়া হাবিবুর রহমান জানান, তিনি একটি বেকারির দোকানে চাকরি করেন। গত রোববার রাত পৌনে ১১ টার দিকে তিনি নিজ বাসার সামনে স্ত্রীকে নিয়ে বসেছিলেন। এ সময় একই এলাকার আতিয়ার রহমানের ছেলে সাগর (২০) তার স্ত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকলে তিনি এর প্রতিবাদ করেন। দু’জনের মধ্যে এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে সাগর তার ডানপায়ে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল মালেক এ বিষয়ে বলেন, শেখহাটিতে হাবিবুর রহমান নামে এক যুবক ছুরিকাহত হয়েছেন বলে শুনেছেন। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি।

ভাগ