বিএম আসাদ ॥ যশোর সদর উপজেলায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্ট কার্ড পাননি ১ লাখ ৩০ হাজার ৭শ’ ৯২ জন ভোটার। মূল্যবান এ কার্ড পাওয়ার জন্যে লোকজন উপজেলা নির্বাচন অফিসে ভিড় করছেন। নির্বাচন অফিস সূত্র জানিয়েছেন, এ উপজেলায় মোট ৪ লাখ ২৯ হাজার ৭শ’ ৭১ জন জাতীয় পরিচয়পত্রধারীকে স্মার্ট কার্ড দেয়া হয়েছে। উপজেলায় ১৫টি ইউনিয়নে ৪ লাখ ১৩ হাজার ৯শ’ ৬৯ জন এবং পৌরসভায় ১ লাখ ৪৬ হাজার ৫শ’ ৯৪ জন মিলে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ৫শ’ ৬৩ জন। তাদের মধ্যে ৪ লাখ ২৯ হাজার ৭শ’ ৮১ জনকে স্মার্ট কার্ড দেয়া হয়েছে। স্মার্ট কার্ড পাননি ১ লাখ ৩০ হাজার ৭শ’ ৯২ জন। তবে স্মার্ট কার্ডবিহীন অবস্থায় ভোট দেয়া যাবে। ভোটার তালিকায় নাম থাকলে স্মার্ট ছাড়াই ভোট দেয়া যাবে বলে যশোর সদর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছেন।
আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পৌরসভার ১ লাখ ৪৬ হাজার ৫শ’ ৯৪ জন ভোটার রয়েছেন। যারা ইভিএমএ ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের ভেতর যাদের স্মার্ট কার্ড নেই অথচ, ভোটার তালিকায় নাম আছে তারা ওই তালিকা অনুযায়ী ভোট দিতে পারবেন। পৌরসভায় ৭২ হাজার ৪৫ জন পুরুষ ও ৭৪ হাজার ৫শ’ ৪৯ জন মহিলা ভোটার রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।





