শরণখোলায় ছিনতাইকারীর চোখ নষ্ট করে দিল এলাকার মানুষ

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক চিহ্নিত ছিনতাইকারীর পা ভেঙ্গে দুই চোখ নষ্ট করে দিয়েছে অতিষ্ট এলাকাবাসী। রোববার ভোররাতে উপজেলার মঠেরপাড় গ্রামের ফসলের মাঠ থেকে তাকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাইফুল উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের নুরু মোল্লার ছেলে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ অসংখ্য মামলা রয়েছে।
খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন জানান, সাইফুল দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। সম্প্রতি রাজৈর এলাকায় চুরি করতে গেলে বাধা দেওয়ায় ইব্রাহিম নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে। এছাড়া একই এলাকার আসলাম হাওলাদারের একটি অন্ত:সত্ত্বা গরুর পায়ের চারটি রগ কেটে দেয়। তার বিরুদ্ধে থানায় এক ডজন মামলা রয়েছে। এছাড়া সাইফুল পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়েছিল এবং বাগেরহাট জেলখানার দেয়াল ডিঙ্গিয়ে পালানোর সময় ধরা পড়ে। তার একের পর এক অপরাধ কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। তার ভয়ে এলাকার অনেক লোক পালিয় থাকতো। সাইফুলের পিতা মো. নুরু মোল্লা জানান, তার ছেলে খারাপ ঠিক আছে কিন্তু প্রশাসনতো ছিলো। প্রশাসনের হাতে তুলে না দিয়ে পূর্ব শত্রুতা বশত তার ছেলের দুটো চোখ নষ্ট করে দেয় এবং পা ভেঙ্গে দেয়। সরকারের কাছে তিনি এর বিচার দাবি করেন। শরণখোলা থানার অফিসার ইন চার্জ মো. সাইদুর রহমান জানান, ভোর রাতে অজ্ঞাত ব্যক্তিরা সাইফুলকে মারধর করে পা ভেঙ্গে দুই চোখ নষ্ট করে দিয়ে ফসলের মাঠে ফেলে রেখে যায়। পরে এলাকার ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন তালুকদার তাকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে ভর্তি করেন। তার বিরুদ্ধে থানায় চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ অসংখ্য মামলা রয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদ জানান, সাইফুলের দুই চোখ নষ্ট এবং বাম পা ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ভাগ