যশোরের দুই সাংবাদিকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় পুলিশের সাধারণ ডায়েরি (জিডি) করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আলাদা বিবৃতিতে প্রেস কাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর এবং যশোর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। প্রেসকাব নেতৃদ্বয় এক বিবৃতিতে বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরে যেকোনো ব্যক্তি সংক্ষুব্ধ হতেই পারেন। তার জন্য আলাপ-আলোচনার পথ খোলা আছে। কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি অনভিপ্রেত। এতে কোনো পক্ষেরই কোনো লাভ হবে না। বরং পুলিশ প্রশাসনের সঙ্গে সংবাদকর্মীদের মুখোমুখি অবস্থান সবার জন্য অমঙ্গলই বয়ে আনবে। নেতৃদ্বয় অবিলম্বে এই অবস্থান থেকে সরে এসে সৃষ্ট ভুল বোঝাবুঝি আলাপ-আলোচনার মাধ্যমে নিরসনের আহ্বান জানান পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি। টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, বেসরকারি টেলিভিশন ডিবিসি’র যশোর প্রতিনিধি সাকিরুল কবীর রিটন, নিউজ টোয়েন্টিফোর’র যশোর প্রতিনিধি রিপন হোসেন দায়িত্বশীল সাংবাদিক ও যশোরের সাংবাদিকদের নেতৃস্থানীয়ও বটে। তাদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কর্মকাণ্ডে সাংবাদিক সমাজ উদ্বিগ্ন ও শংকিত। এ ঘটনায় যশোর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুলিশের সহনশীল আচরণ প্রত্যাশা করে। বিজ্ঞপ্তি




