স্টাফ রিপোর্টার ॥ আড়াই বছর আগে যশোর সরকারি সিটি কলেজের ডোবা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবতীর লাশের পরিচয় আজো উদ্ধার হয়নি। বর্তমানে এই হত্যা মামলাটি তদন্ত করছে সিআইডি পুলিশ। ২০১৮ সালের ২৯ আগস্ট রাতে যশোর সরকারি সিটি কলেজের অভ্যন্তরের একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। ডোবায় ভেসে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। গামছা দিয়ে তার হাত বাঁধা ছিলো। লাশ উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানা পুলিশের তৎকালীন এসআই আছাদুজ্জামান অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছিলো কোতয়ালি থানার তৎকালীন এসআই আমিরুজ্জামানকে। কিন্তু তিনি নিহত হতভাগ্য যুবতীর পরিচয় উদ্ধার করতে পারেননি। হত্যার সাথে জড়িতদেরও শনাক্ত করতে পারেনি পুলিশ। এক পর্যায়ে কোতয়ালি থানা থেকে মামলাটি অধিকতর তদন্তের জন্য যশোর সিআইডি পুলিশকে দায়িত্ব দেয়া হয়। সেখানেও একাধিক কর্মকর্তা মামলাটি তদন্ত করছেন। কিন্তু কেউই নিহত যুবতীর পরিচয় উদ্ধার করতে পারেননি। এ বিষয়ে বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই ফখরুল ইসলাম বলেছেন, তিনি নানাভাবে নিহত অজ্ঞাত যুবতীর পরিচয় উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। হত্যার সাথে সংশ্লিষ্ট কাউকে শনাক্তও করা যায়নি।




