ঘাতক দালাল নির্মূল কমিটি বন্ধের দাবি কাজী ফিরোজের

লোকসমাজ ডেস্ক॥ স্বাধীনতাবিরোধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বন্ধের দাবি করেছেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। রবিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে ছাত্রলীগের এই সাবেক নেতা নির্মূল কমিটি বন্ধ করার দাবি তুলে স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমাদের কিছু সংগঠন আছে। একটি সংগঠন আছে নাস্তিক নির্মূল কমিটি। আরেকটি সংগঠন হচ্ছে ঘাতক-দালাল নির্মূল কমিটি। এই নির্মূল করার মতা এদের কে দিয়েছে? আমি জানতে চাই। তুমি কে নির্মূল করার? তিনি বলেন, আমার দেশে কোর্ট-কাচারি আছে না? অনেক বিচার করেছে এই সরকার। বঙ্গবন্ধু হত্যার বিচার হচ্ছে, রাজকারদের বিচার হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, তুমি কেন?… আমি মনে করি যে এদেরকেই প্রতিরোধ করার দরকার। এই সংসদ সদস্য বলেন, তোমরা নিজেরা পুলিশ প্রোটেকশনে থেকে এই ধান্দাবাজি করছ, এইটা জনগণ বিশ্বাস করে না। আমি মনে করি যে এদেরকেই প্রতিরোধ করার দরকার। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কাজী ফিরোজ রশীদ বলেন, অনুরোধ করব, এই সমস্ত সংগঠন- এইগুলো বন্ধ করুন। যাতে কেউ মানুষ নির্মূল করতে না পরে। কীসের নির্মূল কমিটি?

ভাগ