স্টাফ রিপোর্টার ॥ যশোর অভয়নগর উপজেলার ৩ নং ঘোপে ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল এবং গাছ কাটা নিয়ে প্রধান শিক্ষিকা ও সভাপতি পরস্পর বিরোধী অভিযোগ করেছেন।
গতকাল বুধবার প্রেসকাব যশোরে এক সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের সভাপতি মকছেদুর রহমান হিরক স্থানীয় ইকরাম গং এর বিরুদ্ধে প্রকাশ্যে জমি দখল ও ৬০ বছরের প্রাচীন গাছ কেটে নেয়ার অভিযোগ করেন। তিনি বলেন, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীতা পোদ্দার মোবাইলে উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করলে তিনি তাকে ধমক দেন। অথচ, প্রধান শিক্ষিকা বলেন, স্যার আমাকে ধমক দেবে কেন ? আমি স্যারকে বিষয়টি অবহিত করলে তিনি আমাকে বলেন, কাগজপত্র যাচাই-বাছাই করে দেখি। প্রধান শিক্ষিকা বলেন, আমি জানতাম না যে, বিদ্যালয়ের মাঠের ৯ শতক জমি রের্কডীয়। শামীম, মতিন তাদের তিন ভাইয়ের নামে ৫ শতক এবং এলাহী, আনোয়ার ও খোদাবক্স গাজীর নামে ৪ শতক জমি রেকর্ড ছিল। শামীম, মতিনদের অংশের ৫ শতক জমি বিক্রি করে দেয়। ক্রয় সূত্রে ওই জমির মালিক গাছ কেটে নেন। উপজেলা নির্বাহী অফিসারকে তিনি বিষয়টি জানিয়েছেন। বিষয়টি এখন যাচাই-বাছাই চলছে।




