লোকসমাজ ডেস্ক॥ গলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে জো রুট খেলেছিলেন ২২৮ রানের অনবদ্য এক ইনিংস। একই মাঠে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে এসে টানা দ্বিতীয় ডাবল সেঞ্চুরি প্রায় করেই ফেলেছিলেন ইংলিশ অধিনায়ক। কিন্তু অল্পের জন্য ডাবল সেঞ্চুরিটা হলো না তার। ১৪ রান দুরে থাকতে আউট হয়ে গেলেন তিনি। রুটের নামের পাশে শোভা পাচ্ছে এখন ১৮৬ রান। জো রুটের ব্যাটিংয়ের সঙ্গে লড়াই হয়েছে লাসিথ এম্বুলদেনিয়ার বোলিংয়ের। লঙ্কান এই স্লো বাঁ-হাতি অর্থোডক্স স্পিনারের ঘূণির বিষে নীল হয়ে গেছে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ৪১ ওভার বল করে একাই ৭ উইকেট নিয়েছেন এই লঙ্কান বোলার। অ্যাঞ্জেলো ম্যাথিউজের অসাধারণ সেঞ্চুরি (১১০), নিরোশান ডিকভেলা (৯২), দিলরুয়ান পেরেরা (৬৭) এবং দিনেশ চান্ডিমালের (৫২) হাফ সেঞ্চুরির বদৌলতে ৩৮১ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৫ রানেই দুই ওপেনারকে হারিয়ে দারুণ বিপদে পড়ে যায় ইংল্যান্ড। কিন্তু জনি বেয়ারেস্ট এবং জো রুটের ১১১ রানের জুটির ওপর ভর করে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। তবে ৭৩ বলে ২৮ রান করে আউট হয়ে যান জনি বেয়ারেস্ট। ইংল্যান্ডের দলীয় রান ছিল ১১৬ রান। এরপরই দ্রুত আউট হয়ে যান ড্যান লরেন্স। তিনি করেন কেবল ৩ রান।
এরপরই জো রুটের সঙ্গে জুটি বাধেন জস বাটলার। দু’জনে মিলে ৯৭ রানের জুটি বাধেন। ৯৫ বলে ৫৫ রানের ইনিংস খেলে আউট হন জস বাটলার। এরপর স্যাম কুরান ১৩ রানে, ডোম বেজ ৩২ রানে এবং মার্ক উড আউট হন ১ রান করে। তখনও টিকে ছিলেন জো রুট। ডাবল সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু তৃতীয় দিনের শেষ বলটিতে রান নিতে গিয়েই বিপত্তি বাধে। ওসাদা ফার্নান্দোর সরাসরি থ্রোতে রানআউট হয়ে যান জো রুট, ১৮৬ রানে ফিরে গেলেন জো রুট। এরপরই দিনের খেলা শেষ হয়ে যায়। তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের রান ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান। এখনও ৪২ রান পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। হাতে উইকেট আছে মাত্র ১টি। লাসিখ এম্বুলদেনিয়ার কাছেই প্রায় সব উইকেট হারিয়েছে লঙ্কানরা। একটি উইকেট নিয়েছেন কেবল রমেশ মেন্ডিস। বাকিজন হলেন রানআউট।





