বাগেরহাট সংবাদদাতা॥ বাঘের চামড়া জব্দের চার দিনের মাথায় এবার বাগেরহাটের শরণখোলায় হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শরণখোলা উপজেলার রায়েন্দা বাসস্টান্ড সংলগ্ন মনিরের ঘরের পাটাতন থেকে এই চামড়া জব্দ করা হয়। শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা পুলিশের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান। আটকরা হলেন— বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মো. মতিন হাওলার ওরফে মতি কাজীর ছেলে মো. ইলিয়াস হাওলাদার (৩৫) এবং বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের মো. মোশারেফ শেখের ছেলে মো. মনিরুল ইসলাম শেখ (৪৮)। মনিরুল ইসলাম বর্তমানে শরণখোলা উপজেলার রায়েন্দা বাসস্টান্ড এলাকায় বসবাস করেন। পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা জানতে পারে যে, মনিরের বাসায় হরিণের চামড়া বিক্রি হচ্ছে। গভীর রাতে গোয়েন্দা পুলিশের সদস্যরা মনিরের বাসায় অভিযান চালিয়ে মো. ইলিয়াস হাওলাদার ও মো. মনিরুল ইসলামকে আটক করে। এসময় অজ্ঞাতনামা আরও কয়েকজন পালিয়ে যায়। পরে মনিরের বাসার পাটাতন তল্লাশি করে দুইটি ব্যাগ থেকে ১৯টি চামড়া জব্দ করে পুলিশ। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলেও জানান তনি। এসময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ ও মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।




