স্টাফ রিপোর্টার॥ যশোরে প্রায় ১ কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকা মূল্যের এক লাখ নব্বই হাজার ইউএস ডলারসহ চার হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরে শহরের হামিদপুর এলকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন.বেনাপোলের গাতিপাড়ার মো. সলেমানের ছেলে মিঠু মন্ডল (২৭), একই এলাকার ছোট আচড়ার মো. জাকির হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৩), যশোর সদরের বারিনগর ললিতাদহের মৃত আবুল হোসেনের ছেলে সোহেল রানা ওরফে হযরত (৪০) ও যশোর সদর নওদা গ্রামের মো. তোরাব আলীর ছেলে রাকিবুল হাসান সাগর (২০)।
শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি চক্র বিপুল পরিমাণ ইউএস ডলার বেনাপোল থেকে ঢাকায় নেয়ার চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটককৃতদের শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৯ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করা হয়। প্রতি বান্ডিলে ১০ হাজার করে মোট ১ লাখ ৯০ হাজার ইউএস ডলার উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককারীরা স্বীকার করেছে যে, তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে। উল্লেখ্য, গত ২০২০ সালে অত্র ব্যাটালিয়ন কর্তৃক ১১৯,৮৮,০৮,২৬৪/- (এক শ উনিশ কোটি আটাশি লাখ আট হাজার দুই শ চৌষট্টি) টাকা মূলের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করা হয়। তন্মধ্যে ৬,৮৭,৮১,৯৩১/- (ছয় কোটি সাতাশি লাখ একাশি হাজার নয় শ একত্রিশ) টাকা মূল্যের ইউএস ডলার/হুন্ডি আটক করতে সক্ষম হয়।





