স্পোর্টস রিপোর্টার ॥ যশোর একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টের গতকাল শুক্রবারের দুটি খেলায় জয় পেয়েছে যশোর ক্রিকেট কোচিং সেন্টার ও কেশবপুর ক্রিকেট একাডেমি। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটি আয়োজিত টুর্ণামেন্টের খেলা দুটি যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় এ-গ্রুপের যশোর ক্রিকেট কোচিং সেন্টার ও ঝিকরগাছা ক্রিকেট একাডেমি। এ খেলায় যশোর ক্রিকেট কোচিং সেন্টার ৫৩ রানে জয় লাভ করে। প্রথমে টসে হেরে যশোর ক্রিকেট কোচিং সেন্টার ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে তামিম ৪৭ এবং সাদমান রাজ ৪৫ রান সংগ্রহ করেন। জয়ের জন্য ঝিকরগাছা ক্রিকেট একাডেমি ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে জাকারিয়া হুসাইন সর্বোচ্চ ৩৩ রান সংগ্রহ করেন। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় বি-গ্রুপের কেশবপুর ক্রিকেট একাডেমি ও মডেল ক্রিকেট কোচিং সেন্টার। এ খেলায় কেশবপুর ক্রিকেট একাডেমি ১০০ রানের বড় ব্যবধানে জয় লাভ করে। প্রথমে টসে জিতে কেশবপুর ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে মফিজুর রহমান ৮৮, রমজান আলী ৭৫ এবং শাহরিয়ার হোসেন ৪৮ রান সংগ্রহ করেন। জয়ের জন্য মডেল ক্রিকেট কোচিং সেন্টার ১৯৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিপক্ষের বোলিং তোপে ১৬ ওভারে ৩ রানে সবকটি হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে।




