শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে মনির হোসেন (৪৫) নামে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে ইমিগ্রেশনের মধ্য থেকে তাকে আটক করা হয়। আটক মনির হোসেন রাজধানী ঢাকার গুলশান এলাকার বাসিন্দা বলে দাবি করেন। তবে পুলিশ খোঁজখবর নিয়ে জানতে পারে তিনি সাতক্ষীরা সদর থানার বাসিন্দা। তার প্রকৃত নাম রিন্টু মিত্র। তিনি কাটিয়া গ্রামের দেব প্রসাদ মিত্রের ছেলে। বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানান, আটক ব্যক্তি ইমিগ্রেশনে এসে এক কাস্টমস অফিসারকে ধমক দিয়ে বলেন ‘যাত্রীদের কাছ থেকে কত করে টাকা নিচ্ছেন?’ এ সময় কাস্টমস অফিসার তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সিআইডি পুলিশের কর্মকর্তা দাবি করেন। তবে তার পরিচয়পত্র দেখালে সেটি ভুয়া বলে প্রমাণ হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।





