আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার থেকে বুধবার সকালে অভিনব কায়দায় ২৫ দিন বয়সের একটি শিশু চুরি হয়েছে। দিনের বেলায় সন্তান চুরির এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
চুরি যাওয়া ২৫ দিন বয়সের তাসিন উপজেলার রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তাসিনের দাদি রাবেয়া খাতুন জানান,তাসিন জন্মের আগে এক মহিলা তাদের বাড়ি এসে এনজিও কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেন। তাদেরকে মাতৃত্বকালীন টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে আরও একদিন বাড়ি আসেন। গতকাল বুধবার সকালে কথিত ওই নারী তাসিনের মা জান্নাতুল ও দাদা জোহর আলীকে সাথে নিয়ে বাগআঁচড়ায় আসেন। তাদেরকে বাগআঁচড়া শংকরপুর রোডে একটি হোটেলে খাওয়াতে নিয়ে যান। শিশুটিকে কোলে নিয়ে ওই মহিলাটি জান্নাতুলকে হাত ধোয়ার জন্য পাঠান। জান্নাতুল হাত ধোয়ার জন্য গেলে মহিলাটি শিশুটিকে নিয়ে পালিয়ে যান। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ঘটনা আমি শুনেছি বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির কোনো হদিস মেলেনি।





