স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর শানতলা এলাকায় ইজিবাইক উল্টে ৮ মাস বয়সী শিশুসহ ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপসা পরিবহনের বেপরোয়া গতিসম্পন্ন একটি বাস সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, যশোরের চৌগাছা উপজেলার রায়নগর গ্রামের কামরুল ইসলামের স্ত্রী রুবিনা (২৫), তার ৮ মাস বয়সী কন্যা জারা, একই গ্রামের হিমেলের স্ত্রী আসমা (২৮), মুক্তার হোসেনের স্ত্রী আকলিমা খাতুন (৪৫) ও মৃত সোহরাব হোসেনের পুত্র আবুল কাসেম (৮)। আহতরা জানিয়েছেন, গতকাল বিকেল ৪টার দিকে ইজিবাইকযোগে চৌগাছা থেকে যশোর শহরে আসছিলেন। চুড়ামনকাটি বাজার পার হয়ে শানতলা ফিলিং স্টেশনের কাছে পৌছে। এ সময় রূপসা পরিবহনের যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতির কুষ্টিয়া হতে খুলনায় যাচ্ছিল। বাসটি দ্রুত সাইড দিতে গিয়ে যাত্রীবাহী ইজিবাইকটি রাস্তার পাশে পাশে উল্টে যায়। এতে ইজিবাইকে থাকা শিশুসন্তান ও মাসহ ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। আহতরা জানিয়েছেন, শানতলায় রাস্তায় পিচের পাশে কোন মাটি নেই। মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।




