স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামে এক সন্ত্রাসীর হাতে দু’সহোদর গুরুতর আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে এ হিংসাত্মক ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, এনায়েতপুরের মাহবুবুর রহমান (৬০) ও আলমগীর হোসেন (৪০)। আলমগীর হোসেনের স্ত্রী রাবেয়া সুলতানা জানিয়েছেন, তাদের বাড়ির পাশে মহিদুুল ইসলাম নামে এক সন্ত্রাসী বসবাস করে। ওই সন্ত্রাসীর স্ত্রী ২ জন। ১ম স্ত্রী মৌ একজন পর্দানশীন নারী। মহিদুল ইসলাম এবং তার ২য় স্ত্রী তন্বী অমানুষিক নির্যাতন করায় ১ম স্ত্রী কিছুদিন আগে এক ছেলে রেখে অন্যত্র পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পেছনে আলমগীর ও মাহবুবুর রহমানের হাত আছে এ সন্দেহে দু’সহোদরকে হুমকি দেয়। রাবেয়া সুলতানা আরো জানিয়েছেন, গতকাল সকাল ৮টার দিকে আলমগীর হোসেন ও মাহবুবুর রহমান সকালের আবার খেয়ে বসেছিলেন। এ সময় সন্ত্রাসী মহিদুল ইসলাম এসে দু’সহোদরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তারা গুরুতর আহত হন। পরে লোকজন ছুরিকাহতদের উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশংকাজনক। মহিদুল ইসলাম আহতদের সম্পর্কে ভাগ্নে বলে রাবেয়া সুলতানা জানিয়েছেন।





