আবদুল্লাহর এক ম্যাজিক-শটে জিতল শেখ রাসেল

লোকসমাজ ডেস্ক॥ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রায় প্রতি ম্যাচের পর শিরোনামে উঠে আসছে কোনো না কোনো বিদেশির নাম। কখনো ব্রাজিলিয়ান, কখনো আর্জেন্টাইন। কখনো বা নাইজেরিয়া, হাইতিসহ অন্য কোনো দেশের ফুটবলার। কারণ বেশিরভাগ ম্যাচের ফলাফল নির্ধারক হচ্ছেন তারাই।কিন্তু গোল করায় বাংলাদেশের কারো যে কারিশমা নেই, তা কিন্তু নয়। এই যেমন বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যা দেখালেন শেখ রাসেলের মোহাম্মদ আবদুল্লাহ, তাতে স্থানীয়দের নিয়েও গর্ব করা যায়।
গোল করায় রীতিমতো চমক দেখিয়েছেন ২৩ বছরের এই যুবক। ম্যাচের বয়স যখন ৭৫ মিনিটে গড়িয়েছে, তখন কর্নার পায় শেখ রাসেল। ডান প্রান্ত থেকে কর্নার নিয়েছিলেন কিরগিজস্তানের বখতিয়ার দুইশবেকভ। বক্সে উড়ে আসা বলটি মাটিতে পড়ার আগেই ডান পায়ের চোখ ধাঁধানো এক ভলিতে আবদুল্লাহ অবাক করে দেন রহমতগঞ্জের খেলোয়াড়দের।
রাসেলের খেলোয়াড়রা যখন সতীর্থ আবদুল্লাহকে নিয়ে গোল উদযাপনে ব্যস্ত, তখন পোস্টের সামনে কোমড়ে হাত দিয়ে দাঁড়িয়ে রহমতগঞ্জের গোলরক্ষকসহ অন্য খেলোয়াড়রা। কি গোল হলো এটা!লিগে নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেলের ২-১ ব্যবধানের জয়ের প্রথম গোলটি করেছিলেন আবদুল্লাহ। সেই গোলেও ছিল তার বুদ্ধিমত্তার পরিচয়। দ্বিতীয় ম্যাচে তো চমকেই দিলেন সবাইকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবদুল্লাহর করা একমাত্র গোলে পূর্ণ পয়েন্ট (১-০ ব্যবধানের জয়) নিয়ে মাঠ ছেড়েছে সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রথম ম্যাচে সাইফকে রুখে দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত হারতে হয়েছে রহমতগঞ্জকে। আসলে রহমতগঞ্জ হেরে গেছে আবদুল্লাহর এক ভলির কাছেই।
দুই ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ৬। অন্য দিকে রহমতগঞ্জের ১। টানা দ্বিতীয় জয়ে শেখ রাসেল যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস ও আবাহনীর সঙ্গে।

ভাগ