স্টাফ রিপোর্টার ॥ যশোরে আদালতের গাড়ির সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী দুই সহোদর গুরুতর আহত হয়েছেন। আহত আকিব হাসান অনিক (২৪) ও সাকিব হাসান অমি (২২)কে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে যশোর চিফ জুডিশিয়াল আদালত ভবনের প্রবেশ মুখে এই দুর্ঘটনাটি ঘটে। আহত দুই সহোদর উপশহর সি ব্লকের বাসিন্দা আবুল কালাম আজাদের পুত্র। তারা আর.এন. রোডে মোটর পার্টস ব্যবসায়ী মামা সরোয়ারের প্রতিষ্ঠানে কাজ করেন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি গাড়ি আদালতে প্রবেশের সময় পেছনে সজোরে ধাক্কা লেগে আকিব হাসান অনিক ও সজিব হাসান অমির মোটরসাইকেলটি পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। পরে আদালত চত্বরে উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত দুই সহোদরের মা নার্গিস বেগম বলেন, আদালতের একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে তারা আহত হয়েছে বলে তিনি শুনেছেন।





