মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবেন সেই হবেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী। শুক্রবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের ডেউয়াতলায় বাজারে একটি বিশ্রামাগার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা বলেন। এ সময় তিনি পাশেই অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্য পরিদর্শন করেন। তিনি বলেন, স্থানীয়ভাবে গ্রুপিং সৃষ্টি করে পরিবেশ নষ্ট করা যাবে না। সাবেক ইউপি সদস্য মরহুম মোশররফ হোসেন এর সহধর্মিণী বিউটি মোশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন মৃধা প্রমুখ। সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন ১৯৯৬ সালে বঙ্গবন্ধুর নামে আওয়ামী লীগ নেতা তপন মন্ডল কর্তৃক দানকৃত ৭ শতক জমির ওপর বিশ্রামাগার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।



