চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামে বরেণ্য বাউল সাধক একুশে পদকপ্রাপ্ত খোদা বকশ শাহের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী স্মরণোৎসব শুরু হয়েছে। । বৃহস্পতিবার সকাল ১০ টায় খোদা বকশ শাহের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বাউল গানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে বাংলা একাডেমির সহকারী পরিচালক ড. সাইমন জাকারিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় শিল্পী আব্দুল লতিফ শাহ ও রেখা বিশ্বাস এবং তার ভক্তরা গান পরিবেশন করেন। দুদিনের এই উৎসবকে ঘিরে খোদা বকশ শাহের সমাধি চত্বরে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বাউলদের সমাগম ঘটেছে, বসেছে গ্রামীণ মেলাও। আজ শুক্রবার দুদিনের এই উৎসব শেষ হবে। খোদা বকশ শাহ স্মৃতি সংসদ ও তার অগণিত ভক্ত অনুরাগী প্রতিবছরই তার জন্ম ও মৃত্যুদিন পালন করে আসছে। তিনি জীবদ্দশায় ৯৫০টি গান রচনা করেন।





