বাগআঁচড়ায় প্রাইভেটকারে ফেনসিডিলসহ আটক

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোর শার্শার বাগআঁচড়া জামতলা এলাকা থেকে ফেনসিডিল ও প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক সবুজ হাসান (২৪) যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া সোনাকুড় ময়রা পাড়া গ্রামের তবিবুর রহমানের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি উত্তম কুমার বিশ্বাস জানান, গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে গোপন খবরের ভিত্তিতে জামতলা বাজারের পাকা রাস্তার ওপর থেকে একটি প্রাইভেটকার (চট্ট মেট্রো-খ-১১-০৪১২) ও তার চালক সবুজ হাসানকে আটক করা হয়। গাড়িতে সবুজ একাই ছিলেন। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কার্টনে থাকা ৩৭৫ বোতল ফেনসিডিল। এ ব্যাপারে আটক সবুজ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্যাদি আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে সহকারি পুলিশ সুপার জুয়েল ইমরান বলেছেন, শার্শায় কঠোর মনোভাব নিয়ে মাদক দমন অভিযান চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে সবুজ হাসানকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শার্শা থানা চত্বরে প্রেসব্রিফিংকালে তিনি এ কথা জানান।

ভাগ