পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় জমি দখলে বাধা দেয়ায় প্রতিপরে হামলায় চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, পৌরসভার ৯নং ওয়ার্ডের শিববাটি গ্রামে। এ বিষয়ে উভয়পক্ষ থানায় পৃথক অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় সোহাগ গাজীর নেতৃত্বে ১০/১২ জন লোক গৌতম সানার জমি দখল করতে যায়। সীমানা ঘেরার সময় বাধা দিতে গেলে সোহাগ ও তার লোকজন গৌতম সানা ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করে। এ সময় গৌতম সানা (৩৮), সুজন সানা (৫৩), গোপাল সানা (৩০) ও বিবেকানন্দ সানা (৩২) আহত হন। গৌতম সানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত গৌতম সানা জানান, তার বড় ভাই সুভাষ সানার কাছ থেকে সোহাগ গাজী আড়াই শতক জমি কিনে সেখানে পাকা ঘর নির্মাণ করে ১০ বছর ধরে বসবাস করছেন। সোহাগ গাজী জানান, দলিলে যে দাগ উল্লেখ আছে সে দাগে আমরা দখল করতে গিয়েছি। এ সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।




