লোকসমাজ ডেস্ক॥ ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনের রাস্তায় ফেলানীর ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন,‘ফেলানী হত্যা দিবস আমাদের নিজেদের স্বার্থে দুটি কাজ করতে হবে। দুইটা ভাস্কর্য করতে হবে। একটা কুড়িগ্রামের সীমান্তে, যেখানে তাকে হত্যা করা হয়েছে। আর একটা বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনের রাস্তায়। ’ ফেলানী হত্যার ১০ বছর উপলক্ষে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর শিশুকল্যাণ মিলনায়তনে আয়োজিত ‘সীমান্ত আগ্রাসন বিরোধী কনভেনশনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের চৌধুরীহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয় বাংলাদেশি কিশোরী ফেলানী।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘ফেলানী হত্যা দিবসে আমাদের নিজেদের স্বার্থে দুটি কাজ করতে হবে। দুইটা ভাস্কর্য করতে হবে। একটা কুড়িগ্রামের সীমান্তে, যেখানে তাকে হত্যা করা হয়েছে। আর একটা বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনের রাস্তায়। এটার উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকতে হবে। তাহলে বোঝা যাবে ওনার (শেখ হাসিনা) দেশের প্রতি কতটা দরদ আছে।’ পাশাপাশি, ভারতীয় দূতাবাসের সামনের রাস্তাটি ফেলানীর নামে নামকরণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমরা কথায় কথায় বলি এটা মুসলমানদের দেশ। আলেম সমাজের প্রতি আমার একটাই অনুরোধ। তারা গান-বাজনা শুনলে বিয়ে পড়াবেন না, জানাজা পড়াবেন না। এইসব দিকে সময় ব্যয় না করে জনগণের অধিকার আন্দোলনের জন্য সোচ্চার হোন।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটি প্রতারণা ও লুটপাটের স্বর্গরাজ্য। করোনার প্রতিষেধক ভ্যাকসিন ইউরোপে যেখানে ২ ডলার, আমাদের এখানে সাড়ে ৪ বা ৫ ডলার। ভ্যাকসিন উৎপাদনে ব্যয় খুব কম। আমরা চুরি করি, দুর্নীতি করি, সেই কারণে ভ্যাকসিনের দাম বাড়ছে।’ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।





