যশোর ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হল কেক কেটে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে যশোর জেলা ছাত্রদলের কর্মসূচি কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তৃতায় ছাত্রদলের সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ছাত্রদলের আছে গৌরবোজ্জল ইতিহাস। স্বৈরাচার এরশাদের পতনের আন্দোলনে এ দলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছিল। পাশাপাশি দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনেও ছাত্রদল ভূমিকা রেখেই চলেছে। নতুন বছরে ছাত্রদল আন্দোলনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার উপহার দেবে সেই প্রতিষ্ঠায় দেশের সকল নির্যাতিত নিপীড়িত জনগণ। তিনি দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল প্রয়াত নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুুর রহমান সাগরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খাঁন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ শহিদুল বারী রবু, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার আজিজুর রহিম শিশির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।
পরে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ কেকটি রেল স্টেশন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে প্রদান করেন। এদিকে, জেলা ছাত্রদলের চারদিনের কর্মসূচির মধ্য আজ শুক্রবার দ্বিতীয় দিনে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ১০টায় কারবালা কবরস্থানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির, সদস্য সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত, সকাল ১১টায় দলীয় কার্যালয়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। বাদজুমা মসজিদে মসজিদে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ও দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেকমন্ত্রী তরিকুল ইসলাম ও আরাফাত রহমান কেকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার তৃতীয় দিন বেলা ২টায় জেলা বিএনপি কার্যালয়ে ছাত্র-জনসমাবেশ অনুষ্ঠিত হবে। পরদিন রোববার উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ভাগ